রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগের ৫ম খেলায় রসুলপুর ক্রীড়া সংস্থার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে সেতু বন্ধন ক্লাব। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রথম বিভাগ লীগে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় রসুলপুরের ব্যাটসম্যানরা। নির্ধারিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। প্রতিপক্ষের রব্বানীর অসাধারণ বোলিংয়ে ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে রসুলপুর ক্রীড়া সংস্থা। ব্যাটসম্যানদের উপর চাপে রেখে দুর্দান্ত বল করে মূল্যবান ৩টি উইকেট শিকার করেন সেতু বন্ধনের রব্বানী।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল রেখে ব্যাট চালাতে থাকে সেতু বন্ধনের শিহাব। তবে ব্যক্তিগত ৬৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটসম্যান। পরে দলের হাল ধরেন আজিজুল। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ৫ উইকেট হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় সেতু বন্ধন ক্লাব। ফলশ্রুতিতে ৩৮.৪ ওভারে ১৫৭ রান করে রসুলপুরকে ৫ উইকেটে পরাজিত করে এই সেতুবন্ধন ক্লাব। সেতু বন্ধনের হয়ে সর্বোচ্চ ৬৪ রান আসে শিহাবের ব্যাট থেকে। এছাড়া আজিজুল অপরাজিত ৫৬ রান নিয়ে ক্রিজ ছাড়েন।
শনিবার (১৬ মার্চ) একই ভেন্যুতে লীগের পরবর্তী খেলায় ইউনুছ আলী স্মৃতি সংসদের মুখোমুখি হবে লাবসা পল্লীমঙ্গল সমিতি।
