ডেস্ক রিপোর্ট: আশাশুনির প্রতাপনগরে এতিমের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা বিজ্ঞ দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া মৌজায় .৩৪ শতক জমির মধ্যে পশ্চিম পাশে ১৯ শতক সম্পত্তির মূল মালিক বাবর আলি তার দুই ছেলে নূরুল ইসলাম, নূরুজ্জামান ও তার এতিম নাতি নূরুল আমিনের নামে ২০১৭ সালের ১৯ জুলাই হেবামূলে হস্তান্তর করেন। ওই সম্পত্তিতে তারা চারটি আধাপাকা বসতঘর, গোয়ালঘর, পুকুর খননসহ বিভিন্ন গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একই এলাকার মোবারক মোড়লের ছেলে আবু মুছা মোড়ল গং এর ওই সম্পত্তির উপর কুনজর পড়ে। আবু মুছা ওই সম্পত্তি কৌশলে দখলের পাঁয়তারা শুরু করে। এর জের ধরে গত ৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে আবু মুছা মোড়লের নেতৃত্বে মৃত জব্বার গাজীর ছেলে মতলেব গাজী, মতলেব গাজীর ছেলে আল আমিন, মৃত মফিজউদ্দীন মোড়লের ছেলে মহসীন মোড়ল, মৃত আফতার মোড়লের ছেলে হামিদ মোড়লসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী দেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই সম্পত্তি থেকে এতিম নূরুল আমিনকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ওই সম্পত্তিতে থাকা ঘর বাড়ি ভাংচুর করে এবং ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করতে থাকে। সে সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গেলে তাদেরও অস্ত্রের ভয় দেখিয়ে ওই সম্পত্তি তাদের ছেড়ে না দিলে খুন, জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। এঘটনায় উপায় না পেয়ে ভুক্তভোগী পিতাহারা নূরুল আমিন প্রতিকার চেয়ে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে ১৩ মার্চ মামলা করেন।
