তালা প্রতিনিধি: তালায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমান। বুধবার (১৩ মার্চ) দুপুরে তালা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে সরদার মশিয়ার রহমান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া তালা উপজেলা বর্তমান সরকারের পরিকল্পিত উন্নয়নে তরান্বিত করতে হবে। উন্নয়ন করতে হলে আগে তালাকে দুর্নীতি ও ঘুষমুক্ত করতে হবে। তিনি আরও বলেন, তালার তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো। জনগণ আমার পাশে থাকলে তাদের সাথে নিয়ে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও মাদক মুক্ত একটি উপজেলা গড়তে চাই। মশিয়ার বলেন, ইতোমধ্যে তালা উপজেলায় উড়োজাহাজ প্রতীকের ব্যাপক সাড়া জেগেছে। সর্বস্তরের মানুষ ২৪ মার্চ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। ভোট কেন্দ্র থাকবে সকলের জন্য উন্মুক্ত, কোন বাধা থাকবে না। কাউকে কোন প্রকার ভয়ভীতি দেখালে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সর্বস্তরের মানুষকে উড়োজাহাজ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানিয়ে দোয়া প্রার্থনা করেন। এসময় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য সেকেন্দার আবু জাফর বাবু, আনন্দ টিভির সাতক্ষীরা প্রতিনিধি মো. হাসানুর রহমান এবং খলিলনগর ইউপি সদস্য প্রকাশ দালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
