স্বেচ্ছাশ্রমে মাছখোলা সড়ক সংস্কারে নামলো এলাকাবাসী
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৯ বছর পর সাতক্ষীরা সদর উপজেলা মাছখোলা ক্লাব মোড় থেকে মাছখোলা বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার শুরু করেছে স্থানীয়রা।
বুধবার সকাল ১০টায় স্থানীয় প্রত্যাশা ক্লাবের সভাপতি আলাউদ্দিনের অর্থায়নে ও ক্লাবের ১০১ সদস্যের স্বেচ্ছাশ্রমে ইট, খোয়া ও বালি দিয়ে এই সড়ক সংস্কারের কাজ শুরু হয়। অথচ সড়কটি সংস্কারে দৃশ্যমান কোন উদ্যোগ নেই জনপ্রতিনিধিদের।
জনপ্রতিনিধি থাকতেও আপনারা কেন স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার করছেন এমন প্রশ্নের জবাবে প্রত্যাশা ক্লাবের সভাপতি আলাউদ্দিন জানান, আমাদের এ রাস্তাটি অনেক অবহেলিত। ২০০০ সালের বন্যার পর থেকে কোন জনপ্রতিনিধিই রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেননি। তাই আমরা নিজেরাই নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছি।
সরজমিনে গিয়ে দেখা যায়, মাছখোলা ক্লাব মোড় থেকে বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানা খন্দে পরিণত হয়েছে। যা চলাচালের সম্পূর্ণ অনুপোযোগী। এমতাবস্থায় ক্লাব সদস্যের নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।
মাছখোলা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, রাস্তার যে অবস্থা তাতে রিক্সা ও ভ্যান যাতায়াত করতে পারে না। এই জন্য রিক্সা ভ্যান এই এলাকায় আসতে চায় না। এটা খুবই দুঃখের, লজ্জার।
একই এলাকার বাসিন্দা শামিম হোসেন বাবু জানান, ভোটের সময় প্রার্থীরা এসে রাস্তা সংস্কার করার কথা বলে ওয়াদা করেন। কিন্তু ভোট আসে যায়, রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয় না।
মাছখোলা গ্রামের আমিরুল ইসলাম জানান, প্রতিদিন হাজার, হাজার লোক এই রাস্তা দিয়ে সাতক্ষীরা শহরে যাতায়াত করেন। রাস্তাটি খারাপ হওয়ায় শহর থেকে কোন ভ্যান ও ইজিবাইক এই এলাকায় আসতে চান না। এমনকি এই এলাকার কোন মানুষ অসুস্থ হলে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়ার কোন বিকল্প পথ নেই।
ক্লাব সদস্য আলম, জামাল উদ্দিন, ওসমান গনি, আব্দুল হাকিম, রবিউল ইসলাম ও খোকনসহ আরো অনেকেই জানান, দীর্ঘ ১৯ বছর পার হলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ কেউ নেয়নি। তাই আমরা সদস্যরা মিলে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি।
এদিকে, স্থানীয় এলাকাবাসী দ্রুত এ সড়কটি কার্পেটিংসহ পাকা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply