দেবহাটায় ইঞ্জিনভ্যান উল্টে আহত ১১
এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটায় ইঞ্জিন ভ্যান উল্টে ১১ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধোপাডাঙ্গা-পাঁচপোতা সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুলিয়া গ্রামের আফছার আলী মোল্যার ছেলে রমজান আলী মোল্যা (৩৬), স্ত্রী শাহিদা বেগম (২৭), মেয়ে লামিয়া খাতুন শোভা (১১), সুমাইয়া খাতুন (০৩), বহেরা গ্রামের মজনুর স্ত্রী আলেয়া বেগম (৪০), পারুলিয়ার মনিরুল ইসলামের মেয়ে ইভা সুলতানা (১৪), শ্যামনগর উপজেলার গাবুরা-পাতাখালি গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও শফিকুল ইসলামের মেয়ে সুমি খাতুন (১৮)। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পর্যায়ক্রমে নলতা হাসপাতালসহ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত উপজেলা কুলিয়া গ্রামের আফছার আলী মোল্যার ছেলে রমজান আলী মোল্যা জানান, তিনি পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনদের নিয়ে সোমবার উপজেলার গোপাখালিতে মাহফিল শুনতে যায়। রাতে মাহফিল শুনে মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়িতে ফেরার সময় ইঞ্জিনভ্যান ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে ধোপাডাঙ্গা পৌঁছে একটি ইজিবাইকের সাথে ধাক্কা মারে। সাথে সাথে ভ্যানটি উল্টে গিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে। এতে অন্তত ১১জন আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

Leave a Reply