বাহুবলে প্রকৌশলী আটক: প্রতিবাদে সাতক্ষীরায় এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ডেস্ক রিপোর্ট: ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহারকারী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দীনের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে উন্নত কর্ম পরিবেশ চাই’ স্লোগানে মঙ্গলবার (১২ মার্চ) সকালে সাতক্ষীরা এলজিইডি অফিস চত্বরে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি প্রকৌশলী গোলাম রব্বানী, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ৬ মার্চ বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের নির্দেশে তার অফিস থেকে কর্মরত অবস্থায় আটক করে পুলিশ। সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি চাকুরীজীবীদের গ্রেফতারের পূর্বে অনুমতি থাকা বাধ্যতামূলক থাকলেও নিয়ম মানা হয়নি। এটা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুঃখজনক ও লজ্জাকর। আটকের দুই ঘণ্টা পর তাকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহারকারী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মো. জসীম উদ্দীনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সাতক্ষীরা জেলা এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে জেলা এলজিইডির কর্মকর্তা ও কর্মচারী এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply