তালায় হুমকির প্রতিবাদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
সৌমেন মজুমদার, তালা: আধুনিক ও দুর্র্নীতিমুক্ত তালা উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক।
সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় তালা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করি। আমি তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং খেশরা ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। বিধিমালা মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি নির্বাচিত হলে দুর্নীতি, অনাচার, স্বজনপ্রীতি ও অন্যায়ের সাথে কোন আপোষ করবো না। আমার কাজের মাধ্যমে আমি একটি আধুনিক তালা উপজেলা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবো।
আমি নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবাসমূহ তথা টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ প্রকৃত উপকারভোগীকে দেওয়ার ব্যবস্থা করবো। আমি দীর্ঘদিন মানুষের সাথে থেকে রাজনীতি করছি। এ নির্বাচনেও প্রার্থী হয়েছি মানুষের সেবা করার জন্য। আমি নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে মেধার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
এম এম ফজলুল হক আরও বলেন, সম্প্রতি আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোষ সনৎ কুমারের ক্যাডার বাহিনী অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে আমার নেতা-কর্মীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া তার কাছের লোক তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় ঘোষকে প্রতিনিধি বানিয়ে উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগসাজস করে পছন্দ মতো প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের পাঁয়তারা করছে। তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় ঘোষ প্রকাশ্যে ঘোষ সনৎ কুমারের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করছেন। তিনি গত ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার সময় ঘোষ সনৎ কুমারের সাথে ছিলেন যার সচিত্র সংবাদ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।
তিনি বলেন, আমি বর্তমান পরিস্থিতে প্রতিপক্ষ প্রার্থী ও তার ক্যাডার বাহিনীর হামলা থেকে রক্ষা, অবৈধভাবে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের পাঁয়তারা বন্ধ করার পাশাপশি ভোটাররা যেন নির্বিঘেœ ভোট প্রদান করতে পারে এবং তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে আবেদন করছি। তিনি ২৪ মার্চের নির্বাচনে যাতে বিপুল ভোটে বিজয়ী হয়ে উপজেলা থেকে দুর্নীতির মূল উৎপাটন করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন সে জন্য উপজেলার ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply