দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে পিকআপের ধাক্কায় স্কুল ছাত্রী তাসকিনা আক্তার জ্যোতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক বাবুকে আটক ও ঘাতক পিকআপটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে নিহত জ্যোতির চাচা বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ করেছেন।
এদিকে, এ দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ছাত্রছাত্রীরা সরকারি কেবিএ কলেজ ও সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুর সরকারি কেবিএ কলেজের সামনে পিকআপের ধাক্কায় সখিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে ও সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী তাসকিনা আক্তার জ্যোতির মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়রা এ ঘটনায় বাসের চালক সাতক্ষীরা সদর উপজেলার মোক্তার আলীর ছেলে বাবু (৩৬) কে ধরে পুলিশকে খবর দেয়। একই সাথে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও ছাত্রছাত্রীরা সরকারি কেবিএ কলেজ ও সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবার হোসেন, দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
