বিজিবির সহযোগিতায় প্রাণে বাঁচল জাহাজের গ্রীজার
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের কাঁচিকাটা ভাসমান বিজিবি ক্যাম্পের সদস্যদের আপ্রাণ চেষ্টায় প্রাণে বাঁচল জাহাজের গ্রীজার আলামিন হোসেন (২৫)। আলামিন সিরাজগঞ্জ জেলার চড়ইমুরী গ্রামের গফুর সরকারের ছেলে।
কাঁচিকাটা ভাসমান বিজিবি ক্যাম্পের হাবিলদার নুরছাপা জানান, রোববার বেলা ১১টার দিকে টহল দেওয়ার সময় একটি কার্গো থেকে তাদের উদ্দেশ্যে হাত উঁচু করে চিৎকার করতে থাকেন। তাৎক্ষণিক তারা কার্গোর পাশে উপস্থিত হয়ে দেখতে পান জাহাজের গ্রীজার আলামিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার বাম হাতের দুটি আঙ্গুল কেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। খবর নিয়ে জানতে পারি কার্গোর এক ব্যক্তির হঠাৎ মানসিক সমস্যা হলে তিনি কার্গোতে থাকা বটি দিয়ে তাকে জখম করেন। তাৎক্ষণিক বিষয়টি বিজিবির অধিনায়ক লে. কমান্ডার এম মিল্টন কবিরকে অবগত করে তার নির্দেশক্রমে প্রাথমিক চিকিৎসা শেষে বিজিবির স্প্রিড বোটে ভেটখালী বাজারে আনা হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়।

Leave a Reply