নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগরের শিশু আজমীরের অপারেশনের জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের আজিজুল ও নাছিমা খাতুনের দুই বছর বয়সি ছেলে আজমীর হোসেনের হার্টে ছিদ্র ধরা পড়েছে। তার চিকিৎসা ও অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
শিশু আজমীরের মাতা নাছিমা প্রতিবেদককে জানান, ২০১৬ সালে উপজেলার নুরনগরের আজিজুলের সাথে তার বিয়ে হয়। সন্তান জন্মগ্রহণ করার পরে আজিজুল তাকে তালাক দেয়। বর্তমানে নাছিমা শিশু আজমীরকে নিয়ে পিতা মৃত রাহাতুল্লার বাড়িতে বসবাস করছে। জন্মের পর থেকে শিশু আজমীরের হার্ট ও শ্বাস কষ্টের সমস্যা ছিল। অন্যের বাড়িতে কাজ করে, বাজারে বাজারে ঘুরে ভিক্ষা করে টাকা জোগাড় করে সন্তানের চিকিৎসা করে আসছেন তিনি। চিকিৎসকরা বলেছে, দ্রত তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। তার অপারেশনের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন। নাছিমা ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। আর্থিক সহযোগিতা করার যোগাযোগ আজমীরের মাতা নাছিমা খাতুন, বিকাশ নং ০১৭৩৯২৫৪০১৪।
