সংসদে সাতক্ষীরার জন্য বিশ্ববিদ্যালয়, মানসম্মত স্টেডিয়াম ও রেললাইন চাইলেন ডা. রুহুল হক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় রেললাইন, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও মানসম্মত স্টেডিয়াম চেয়ে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি। মঙ্গলবার বিকাল ৫টায় মহান জাতীয় সংসদে সাতক্ষীরার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।
এ সময় ডা. রুহুল হক এমপি বলেন, প্রতিবছর চিংড়ি বিক্রি করে হাজার হাজার কোটি টাকা আসে। অন্যান্য মৎস্য চাষেও সাতক্ষীরাবাসী এগিয়ে রয়েছে। বর্তমানে সাতক্ষীরা থেকে প্রচুর আম বিদেশে রপ্তানি করা হয়। বিশেষ করে ইউরোপের বাজার দখল করেছে সাতক্ষীরার আম। এছাড়াও ভোমরাস্থল বন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। সাতক্ষীরার সাদা মাছ ঢাকাসহ সারা দেশে যায়। সাতক্ষীরার মাছ না আসলে ঢাকার মানুষ মাছই খেতে পারতো না বলে আমরা মনে করি। সে তুলনায় আমরা উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছি। গতবার প্রধানমন্ত্রী তার পাশে আমাকে স্থান দিয়েছিলেন। সে সময় সাতক্ষীরাবাসী পেয়েছিল সাতক্ষীরার স্বপ্নের মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, আইসিটি ম্যাটস, আইটি সেন্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ অনেকগুলো ব্রীজ। তারপরও আমরা মনে করি অনেক উন্নয়ন থেকে সাতক্ষীরা বঞ্চিত হয়েছে। বিশেষ করে প্রস্তাবিত রেল লাইনটি স্থাপন করা জরুরি। এটি স্থাপন করা হলে ভোমরা বন্দর থেকে মালামাল আনা নেওয়া অনেক সহজ হবে। যেহেতু পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ওই সেতুর সাথে রেললাইনটির সংযোগ হলে সাতক্ষীরাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
সাতক্ষীরা ক্রীড়ায়ও অনেক এগিয়ে রয়েছে। কিন্তু আশাশুনিতে একটি ছোট স্টেডিয়াম হলেও সাতক্ষীরাতে বড় কোন স্টেডিয়াম নেই। এ কারণে সাতক্ষীরায় একটি বড় স্টেডিয়াম নির্মিত হোকে এটা সাতক্ষীরাবাসীর দাবি। এছাড়া সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি টেকনিক্যাল ইউনিভার্সিটি। যেহেতু সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি স্থাপিত হলে সাতক্ষীরাসহ দক্ষিণ অঞ্চলের উন্নয়ন হবে। আশাশুনি থেকে ঘোলা পর্যন্ত রাস্তার বরাদ্দ হলেও কাজ সম্পন্ন না হওয়ায় এলাকাবাসী অনেক কষ্ট পাচ্ছে। তিনি রাস্তার কাজ অবিলম্বে শেষ করার দাবি জানান।
তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। চিকিৎসকের অভাবে সাতক্ষীরার মানুষ বর্তমান সরকার প্রতিশ্রুত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাতক্ষীরায় একটি অর্থনৈতিক অঞ্চল করা যেতে পারে। এজন্য সুন্দরবন সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা খুব জরুরি। সাতক্ষীরার একটি বড় সমস্যা জলবাদ্ধতা। আর এ জন্য সাতক্ষীরার নদীখালগুলো দ্রুত খনন করার প্রয়োজন।
Leave a Reply