সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মমাস উপলক্ষ্যে ১১ দিনব্যাপী বই মেলা শুরু হবে ৭ মার্চ
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মমাস উপলক্ষ্যে ১১ দিনব্যাপী বই মেলা শুরু হবে ৭ মার্চ
ফাহাদ হোসেন: সাতক্ষীরায় স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতির পিতার জন্মমাস উপলক্ষ্যে ১১ দিনব্যাপী বই মেলা শুরু হবে আগামী ৭ মার্চ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেলায় রাজধানীর ৫০টি প্রকাশনা সংস্থাসহ ৬৮টি প্রকাশনা সংস্থা অংশ নেবে।
সোমবার (৪ মার্চ) দুপুরে বই মেলা সংক্রান্ত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করে পাঠ্যাভাস গড়ে তোলার লক্ষ্যে এ বই মেলার আয়োজন করা হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিতব্য বই মেলা জাকজমকপূর্ণ করতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রতিটি স্টলে শতকরা ৩০ভাগ ছাড়ে বই বিক্রির ব্যবস্থা থাকবে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৭ মার্চ মেলার উদ্বোধন করবেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ প্রমুখ।

Leave a Reply