পারুলিয়ায় অসহায় পরিবারের ফলন্ত গাছ কেটে সাবাড় করলো প্রতিপক্ষ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আনারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির বসত ভিটার ফলন্ত গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষ। ক্ষতিগ্রস্ত আনারুল ইসলাম উপজেলার পারুলিয়া শহীদ কাশেম পার্ক সংলগ্ন মৃত কেরামত আলীর ছেলে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটা পারুলিয়া মৌজার ৭০৫৩ খতিয়ানের ৩৬৬ দাগের ৭৮ শতক জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী মৃত আছমাতুল্যার ছেলে ইয়াছিন মোল্যা ও তার ছেলে হায়দারের সাথে বিরোধ চলে আসছিলো। তাদের বসত ভিটার জমি দখলে নিতে প্রভাবশালী ইয়াছিন মোল্যা ও হায়দার সুদীর্ঘ ষড়যন্ত্র চালিয়ে আসায় ভুক্তভোগী আনারুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সাব জজ ২ এর আদালতে একটি মামলা (নং-৯৬/২০১৪) দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। কিন্তু মামলা বিচারাধীন থাকাকালীন শুক্রবার দুপুর দেড় টার দিকে প্রতিপক্ষ ইয়াছিন মোল্যা ও তার ছেলে হায়দার পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বিরোধপূর্ণ ওই জমির ১৫-২০টি ফলন্ত কুল গাছ, জামগাছ, পেয়ারা গাছ, আমগাছ, পেপে গাছসহ অন্যান্য গাছ কেটে সাবাড় করেন। এঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

Leave a Reply