আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: ‘ভোটার হব, ভোট দেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সুজন’র সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে ‘ভোটারের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির আনিকা আনজুম বাবলী ১ম, হেলাল উদ্দীন ২য় এবং রাফিয়া বিলকিস ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন। এর আগে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply