ভ্রাম্যমাণ আদালতে ছয় ভাটা মালিক ও তিন ব্যবসায়ীকে জরিমানা
রাইয়ান সাকিল: সাতক্ষীরায় ইট ভাটায় অপরিকল্পিতভাবে কাঠ পোড়ানো, কৃষি জমি থেকে মাটি তোলা ও লাইসেন্স না থাকায় ছয় ভাটা মালিককে এক লক্ষ ষাট হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী এবং লিখণ বনিক ও ইন্দ্রজীত সাহা পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে ব্যবসায়ী গৌতম ঘোষকে তিন হাজার টাকা এবং মৃণাল কান্তি ও মো. আরমানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে মেসার্স বিনেরপোতা ব্রিকসের মালিক মো. আয়ুব আলীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ম্যাজিস্ট্রেট লিখণ বনিক ও ইন্দ্রজীত সাহা বলেন, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে হাবিব ব্রিকসের মালিক মো. শওকত আলীকে পাঁচ হাজার টাকা, নিউ এমপি ব্রিকসের মালিক ফয়সাল হোসেনকে দশ হাজার টাকা, রহমান ব্রিকসের মালিক আবুল হোসেনকে পঁচিশ হাজার, এমপি ভাটার মালিক মো. শহিদুল ইসলামকে ত্রিশ হাজার টাকা ও খোদেজা ব্রিকসের মালিক মো. সাইফুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply