সৌমেন মজুমদার, তালা: খুলনা বিভাগীয় কমিশনার লোকমান মিয়া বলেছেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী ঢাকায় বসেও আপনাদের কথা চিন্তা করেন। দেশের মানুষের কথা চিন্তা করেন। বিগত দিনে আমলে আপনারা কেউ বছরের প্রথম দিন বই পাননি। কিন্তু বর্তমান সরকার বছরের প্রথম দিন চার কোটি শিক্ষার্থীকে ৩৬ কোটি বই দিয়েছেন। বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শতভাগ বিদ্যুতায়ন, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যের সময় তালার জুসখোলা গ্রামের বৃদ্ধ আব্দুল জব্বারকে (৯০) একটি ঘর বরাদ্দ দিয়ে আগামীকালই নির্মাণ কাজ শুরু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামে এসডিজির আওতায় আশ্রায়ণ প্রকল্প-২ এর অধীনে বসত ঘর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলা ৪টি ইউনিয়নের ৭৪৯টি ঘর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফার হোসেনসহ ইউপি সদস্য ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
