কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন
কালিগঞ্জ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে মহাপঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী’র আরাধনার মধ্য দিয়ে পূজা অর্চনা ও অঞ্জলি প্রদান করা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক অসিত সেন প্রমুখ। এসময় কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত মন্ডল, তারক সরকার, সুকুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, রতন ঘোষসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সার্বজনীন মণ্ডপ ও ব্যক্তিগত উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে, উপজেলার বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক সংঘ ও বন্ধু মহল পৃথক ভাবে আয়োজিত সরস্বতী পূজায় শত শত দেবীভক্ত উপস্থিত ছিল। এখানে পূজা উপলক্ষে আটদিন ব্যাপী পঞ্চমী মেলায় সন্ধ্যা আরতী, বর্ণিল আলোকসজ্জা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা, ধর্মীয় ও সামাজিক নাটক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বন্ধু মহল এর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ সরদার।

Leave a Reply