১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৬ ফেব্রুয়ারি : আজ নিলামে উঠছে ৫৫ জন খেলোয়াড়
আরিফুল ইসলাম রোহিত/রাইয়ান শাকিল: সাতক্ষীরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ গ্রাউন্ডে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। এ লক্ষ্যে আজ ১০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে নিলামে উঠবে জেলার পুলভুক্ত ৫৫ জন খেলোয়াড়।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এ সময় তিনি বলেন, সাতক্ষীরার ক্রীড়ামোদী খেলোয়াড়েরা বিভিন্ন অঙ্গনে ভালো ফলাফল বয়ে আনছে। এবার এই জেলার তৃণমূল থেকে কিছু দক্ষ টি-২০ খেলোয়াড় বের করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট জেলা পর্যায়ের টি-২০ ক্রিকেট উন্নয়নে নবদিগন্তের সূচনা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি (আজ) বিকেল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে টি-২০ টুর্নামেন্টের জন্য খেলোয়াড় নিলামের আয়োজন করা হয়েছে। এর আগে জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে ৫৫ জন খেলোয়াড় এই নিলামে নিজেদের অবস্থান ধরে রাখতে আবেদন করেছেন। আয়োজক কর্তৃপক্ষ ৫৫ জন খেলোয়াড়কে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে ‘এ’ বিভাগে ১৬ জন, ‘বি’ বিভাগে ৩২ জন ও ‘সি’ বিভাগে ৭ জন রয়েছে। আর নিলামে ‘এ’ বিভাগের খেলোয়াড়দের সর্বনি¤œ ৫ হাজার টাকা, ‘বি’ বিভাগের সর্বনি¤œ ৩ হাজার টাকা এবং ‘সি’ বিভাগের খেলোয়াড়দের সর্বনি¤œ ২ হাজার টাকা ধরা হয়েছে।
টি-২০’র জগতে সাতক্ষীরাকে মেলে ধরার প্রয়াস ও ‘মাদক কে না বলুন, খেলাধূলাকে হ্যাঁ বলুন’ স্লোগানে প্রতিদিন নক আউট এই টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি উদ্বোধন আর ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
অনুষ্ঠিতব্য এই টি-২০ টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভার সমন্বয়ে মোট আটটি দল
অংশ নেবে। এসব দলের ১৪ জন খেলোয়াড়ের মধ্যে কমপক্ষে ২ জন খেলোয়াড় নিলামের মাধ্যমে কিনতে হবে। এছাড়া নিজ নিজ উপজেলা বা পৌরসভা থেকে কমপক্ষে ৬ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। আর যদি কোন দল জাতীয় বা আন্তর্জাতিক দলের কোন খেলোয়াড় নিতে চায় তবে সর্বোচ্চ তিনজনের অধিক নয়। তবে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় নিলামের মাধ্যমে কেনার সুযোগ থাকবে এই টুর্নামেন্টে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আব্দুল সাদী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, ফিফা রেফারি তাইয়েব হাসান বাবু, সাজেক্রীসের নির্বাহী সদস্য তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

Leave a Reply