জিফুলবাড়ী দরগাহ শরীফে বার্ষিক ওরছ সম্পন্ন
ফিংড়ি প্রতিনিধি: সদর উপজেলার জিফুলবাড়ী দরগাহ শরীফে ৩ দিনব্যাপী পীর কেবলার ৩৭তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জি-ফুলবাড়ী দরগাহ্ শরীফে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সুলতানুল আউলিয়া হযরত খান আতিয়ূর রহমান (রহ.) এর ওরছ শরীফ। এতে মোনাজাত পরিচালনা করেন সৌদি আরবের মদিনা শরীফ থেকে আগত আওলাদে রাসুল (স:) সায়খ সায়্যিদ হাসান আহমাদ মুহাম্মাদ আল্-কাফ আল হাশিমী। কেন্দ্রীয় খান আতিয়ূর রহমান আদর্শ মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও পীরজাদা এ.টি.এম খলিলুর রহমান খাঁনের সভাপতিত্বে ওরছ শরীফে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) এস.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রনি আলম নূর, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান।
সমাপনী দিনে মেহমানে আলা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরবের মদিনা শরীফ থেকে আগত আওলাদে রাসুল (স:) সায়খ সায়্যিদ হাসান আহমাদ মুহাম্মাদ আল্-কাফ আল হাশিমী। প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক জামে মসজিদের খতিব ইসলামী স্কলার আল্লামা শায়খ আবু আব্দুল্লাহ মো. আইনুল হুদা। বিশেষ বক্তা ছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জের আল মাহাব্বার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুজাককির হুসাইন। উল্লেখ্য, প্রতি বছর ২২, ২৩ ও ২৪ মাঘ তিন দিনব্যাপী এই ওরছ অনুষ্ঠিত হয়।

Leave a Reply