উপজেলা নির্বাচন: দলীয় প্রার্থী মনোনয়নে সদর উপজেলা আ’লীগের বর্ধিত সভা আজ
ডেস্ক রিপোর্ট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ইস্যুতে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারী চারজন চেয়ারম্যান পদপ্রার্থী তৃণমূলের সমর্থন পেতে কাউন্সিলরদের দ্বারে দ্বারে যাচ্ছেন। চালাচ্ছেন গণসংযোগ।
দলীয় সূত্র জানায়, সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোরশেদ ও সদর উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা।
সূত্র মতে, বর্ধিত সভায় সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করা সম্ভব না হলে এবং কাউন্সিলররা চাইলে সরাসরি ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা উন্মুক্ত রাখা হতে পারে।
যদিও ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কাউন্সিলররা চাইলে নির্বাচন হবে। এজন্য বর্ধিত সভার প্রথমেই ৩১২জন কাউন্সিলরের মতামত নেওয়া হবে।

Leave a Reply