ভোগ দখলীয় জমিতে অবৈধভাবে পাঁকা প্রাচীর নির্মাণের কাজ বন্ধের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্য করে স্থানীয় প্রভাবশালীরা এক ব্যক্তির জমিতে জোরপূর্বক পাঁকা প্রাচীর নির্মাণ করছে বলে অভিয়োগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী গৃহবধূ জাহিদুন্নেছা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের আদর আলীর ছেলে প্রভাবশালী আবুল হোসেন মোড়ল আমার স্বামী ও তার ভাইদের রেকর্ডীয় ও দীর্ঘদিন ধরে দখলীয় জমি দখলের জন্য তাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়াসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আমার স্বামী আব্দুল আজিজ ও দেবর রজব আলীকে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়ে কারাগারে পাঠায়। এই সুযোগে আবুল হোসেন ও তার ভাই ছিদ্দিক মোড়লসহ একই গ্রামের এবাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আজিজ মোড়ল, মোস্তাক মোড়ল, আলামিন মোড়ল, বরকত আলী গাজী, মোস্তাফিজুর রহমান, ফাতেমা বেগম সংঘবদ্ধ হয়ে ওই জমি দখলের জন্য সেখানে ইট, বালু ও খোয়া ফেলতে থাকে। এঘটনায় আমরা গত ১৭ জানুয়ারি সাতক্ষীরার আদালতে পি-১৯/১৯(কালি) নং মামলা দায়ের করলে আদালত ফৌঃকাঃবিঃ ১৪৫ ধারা মোতাবেক বিরোধীয় সম্পত্তিতে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য ওসি কালিগঞ্জ থানাকে নির্দেশ দেন। সে মোতাবেক পুলিশ আদালতের আদেশ যথাযথভাবে পালন করে বিবাদীকে বিরোধীয় সম্পত্তিতে কোন কার্যক্রম না করার নির্ধেশ দেন।
তিনি অভিযোগ করে বলেন, আদালতের আদেশ ও পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অজ্ঞাত শক্তির বলে প্রভাবশালী আবুল হোসেন মোড়ল আমার স্বামী ও তার পরিবারের সদস্যদের জমি জবর দখল করে সেখানে পাঁকা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে। বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু এরপরও আবুল হোসেন আদালত ও থানা পুলিশের আদেশ অমান্য করে ওই জমিতে পাঁকা প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি তার স্বামী ও তার ভাইয়ের রের্কডীয় ও দীর্ঘদিন ধরে দখলীয় জমিতে অবৈধভাবে পাঁকা প্রাচীর নির্মাণ কাজ বন্ধের জন্য পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply