দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় খবর প্রকাশ: ওয়াপদা অফিসের হস্তক্ষেপে বন্ধ হল কলবাড়ীর চরকাটার কাজ
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় খবর প্রকাশের জেরে উপজেলা ওয়াপদা অফিসের হস্তক্ষেপে বন্ধ হলো বুড়িগোয়ালিনীর কলবাড়ী গ্রামের চুনা নদীর চর কেটে অবৈধভাবে ঘর নির্মাণের কাজ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার ২য় পাতায় বুড়িগোয়ালিনীতে নদীর চর কেটে অবৈধভাবে ঘর নির্মাণের পায়তারা শিরোনামে খবর ছাপা হয়। খবরটি উপজেলা ওয়াপদা অফিসের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে উপ-সহকারি প্রকৌশলী শাহনাজ পারভীন মুন্সিগঞ্জ ডাক-বাংলোর কেয়ারটেকার রবিউল ইসলাম কে নির্দেশ প্রদান করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চর কাটার কাজ বন্ধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহনাজ পারভীন বলেন, নদীর চর তো কোনভাবেই কাটা যাবে না। এটা সম্পূর্ণ বেআইনী। আমি সেখানে লোক পাঠালে তিনি গিয়ে দেখেন শ্রমিকরা কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তখন তিনি তাদেরক বুঝিয়ে বললে তারা তাৎক্ষনিকই কাজ বন্ধ করেন। তিনি আরও বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় উপকূলীয় বেঁড়ীবাদ যেভাবে সুরক্ষিত থাকে আমরা সেদিকেই লক্ষ্য রেখে কাজ করবো।
এদিকে উপজেলা ওয়াপদা অফিসের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করায় কলবাড়ী ও তৎপার্শ্ববর্তী এলাকাবাসীর পক্ষ থেকে উপ-সহকারি প্রকৌশলী শাহনাজ পারভীন তথা সমগ্র উপজেলা ওয়াপদা অফিসের আওতাধীন কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply