ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা নির্বাচন: প্রার্থী মনোনয়ন নিয়ে কলারোয়া আ’লীগে নতুন সংকট

admin ঢাকা
আপডেট: 28 January 2019, 22:46

এসএম নাহিদ হাসান: আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে কলারোয়া উপজেলা আওয়ামী লীগে নতুন সংকট দেখা দিয়েছে। দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক আগামীকাল ৩০ জানুয়ারি পৃথক ভেন্যুতে বর্ধিত সভা আহবান করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এতে দ্বিধা-বিভ্রান্তিতে পড়েছেন দলীয় নেতা-কর্মী ও কাউন্সিলররা।
এরই মধ্যদিয়ে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু’র মধ্যে চলতে থাকা দীর্ঘ দিনের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। যদিও সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উভয়েই নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন, বিভেদ ভুলে একে অপরের সাথে আলিঙ্গন করেছিলেন।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক পত্রের মাধ্যমে ৩০ জানুয়ারি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহবান করেন। এতে একদিকে সভাপতি ফিরোজ আহমেদ স্বপন স্বাক্ষরিত পত্রে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সভা আহবান করা হয়েছে। অপর দিকে, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু স্বাক্ষরিত এক পত্রে কলারোয়া জিকেএমকে পাইলট স্কুলে পৃথক সভা আহবান করা হয়েছে। সভাকে কেন্দ্র করে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, আজ ২৯ জানুয়ারি দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের আবেদন করার শেষ দিন। ২৮ জানুয়ারি রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আবেদন করেছেন বলে নিজেরাই নিশ্চিত করেছেন।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মুখ দেখাদেখি না থাকার কারণে আমরা সাধারণ কর্মীরা সমস্যায় জর্জরিত। আমরা চায় সকল গ্রুপিং বাদ দিয়ে উপজেলা নির্বাচনকে সামনে রেখে দুই নেতাকে একই মঞ্চে দেখতে।
আর ৩০ তারিখ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করতে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল মল্লিক জানান, ৩০ তারিখের সভাকে সামনে রেখে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি সভাপতি ও সম্পাদকের মধ্য যে ছোট খাটো ভুল বোঝাবুঝি তা ৩০ তারিখ জেলা নেতৃবৃন্দের সহযোগিতায় নিরসন হবে।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আমিনুর ইসলাম লাল্টু বলেন, ৩০ তারিখ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। সভাটি জিকেএমকে পাইলট স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সভায় জেলার সভাপতি সম্পাদক উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা আশা করছি এ সভা থেকে সকল নেতা-কর্মী ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সকল পদের নামের তালিকা জেলায় পাঠাতে পারবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন বলেন, ৩০ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহবান করা হয়েছে। আমি সাধারণ সম্পাদককে সভা ডাকার কথা বলেছিলাম। কিন্ত তিনি আমাকে তিনদিন ধরে ঘুরিয়েছেন। পরে আমি নিজেই সভা ডেকেছি। এ বর্ধিত সভায় জেলার সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে নেতা কর্মীরা যা চাইবে তাই হবে। যদি ভোটের প্রয়োজন হয় তাহলে ভোট হবে। না হলে নামের তালিকা পাঠানো হবে। আমি মনে করি উপজেলার শতকরা ৯০ ভাগ নেতাকর্মী আমার সাথে আছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ৩০ তারিখের বর্ধিত সভায় জেলার নেতৃবৃন্দ যাওয়া না যাওয়া ওখানকার পরিবেশের উপর নির্ভর করছে। উপজেলার সভাপতি ও সম্পাদক একই দিনে একই সময়ে আলাদা বর্ধিত সভা ডেকেছে। জেলা থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেন বিরোধ মিটিয়ে ফেলে। তারা যদি বিরোধ মিটিয়ে নামের তালিকা জেলায় পাঠায় তাহলে তো আমাদের আর যাওয়া লাগছে না।
এদিকে, আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কলারোয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ ফারুক মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বর্তমান কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কাজী শাহাজাদা ও ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মাসুমুজ্জামানের।
অপরদিকে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সাবেক ছাত্রলীগ নেত্রী শাহনাজ পারভীন খুকুকে প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *