খোলা আকাশের নিচে ক্লাস করছে সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষার্থীরা
মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি কোন নতুন ভবন বরাদ্দ দেয়া হয়নি। কাটেনি বিদ্যালয়টির শ্রেণি সংকট। আর তাই খোলা মাঠে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় পৌরসভার বাইরে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে সকল পাবলিক পরীক্ষা ও অন্যান্য সকল দিক থেকে এগিয়ে। কিন্তু সরকারিভাবে নতুন ভবন থেকে বঞ্চিত থেকে গেছে প্রতিষ্ঠানটি। এজন্য তাদের আক্ষেপের কোনো শেষ নেই। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন ভবনের অভাবে শ্রেণিকক্ষের সংকটের মুখে পড়েছে। শ্রেণিকক্ষ সংকট এতোটাই প্রবল যে স্কুল ক্যাম্পাসে খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। শিক্ষক একটি চেয়ারে বসে পাঠ দিচ্ছেন, আর শিক্ষার্থীরা বৃত্তাকারে বসে সেই পাঠ গ্রহণ করছে।
এখন শীত মৌসুম হওয়ায় বাইরে খোলা আকাশের নিচে পাঠদান করা যাচ্ছে। কিন্তু একমাস পর মৌসুম বদলানো শুরু করলে খোলা মাঠে ক্লাস করার আর সুযোগ থাকছে না। ৮ শতাধিক শিক্ষার্থীর এই স্কুল পড়াশোনা, স্কাউটস, সংস্কৃতি সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে। এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেনো নতুন ভবন পেলনা, তা ভাবিয়ে তুলছে ভুক্তভোগীদের।
প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান জানান, এসএসসি পরীক্ষার্থীদের (ছাত্র) স্কুলে আবাসিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে নৈশকালীন পাঠদান দেয়া হয়। নৈশকালীন এই পাঠদান ও শিক্ষার্থীদের পড়াশোনা সরেজমিনে মনিটর করা হয়। সিসি ক্যামেরার আওতায় ক্লাসরুমগুলো থাকায় সার্বিক মনিটর সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে। তিনি বলেন, জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের নতুন ভবন (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ) নির্মাণ করা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের অভাবে ভুগবে না। বিঘিœত হবে না পাঠদান কার্যক্রম।
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে একটি সাইকেল শেড না থাকায় ছাত্র-ছাত্রীরা বাইসাইকেল নিয়েও পড়েছে মহা বিপাকে। বাইসাইকেল রাখতে হচ্ছে স্কুল মাঠে খোলা আকাশের নিচে। বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ) ও বাইসাইকেল শেড নির্মাণের জন্য সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply