বুড়িগোয়ালিনীতে নদী ভাঙনে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের দ্বিতল ভবন ঝুঁকিতে
Exif_JPEG_420 এসএম সাহেব আলী, গাবুরা: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে নদী ভাঙনে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের দ্বিতল ভবন ঝুঁকিতে পড়েছে। সুন্দরবনের খোলপেটুয়া ও চুনা নদীর সংযোগ মোহনায় ৩ একর জমির উপর অবস্থিত এই ভবনের সামনের অংশের মাটি জোয়ার ভাটার কারণে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে সবসময় ভয়ে থাকছেন কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীরা।
সরজমিনে গিয়ে ও অফিস সূত্র জানায়, জোয়ারের ভাটার কারণে নদীর পাড় ভাঙতে ভাঙতে নদী থেকে ভবনটির দূরত্ব মাত্র ১০-১১ হাত এসে দাঁড়িয়েছে। সর্বশেষ গত বছর নদী ভাঙনে এ কার্যালয়ের প্রায় ২০ হাত জমি নদী গর্ভে চলে যায়।
বন বিভাগের কর্মকর্তা বেল্লাল হোসেন জানান, নদীর নিয়মিত জোয়ার ভাটার সাথে আমাদের ভবনের সামনের অংশ ভেঙে চলে যাচ্ছে। গতবছর প্রায় ২০ হাত জমি নদীতে চলে গেছে। এর ব্যবস্থা হিসেবে রেঞ্জ স্যারের নির্দেশনায় প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়।
এ ব্যাপারে এসিএফ জি এম রফিক আহম্মেদ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বাজেট আসলে কাজ করা হবে বলে জানিয়েছে। তিনি আরও জানান, তারা আশ্বাস দিলেও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় দ্বিতল এই ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত বিষয়টি আমলে না নিলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

Leave a Reply