ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় যানজটমুক্ত নিরাপদ সড়ক ও দখলমুক্ত ফুটপাত ব্যবহারের লক্ষ্যে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর হাসপাতাল মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সকলের জন্য আবাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর গড়াই সাতক্ষীরাবাসীর কাম্য। সুন্দর সাতক্ষীরা উপহার দেওয়ার লক্ষ্যে সকলের ঐক্যমতের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক-মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ যানবাহন বন্ধ করা হচ্ছে। মহাসড়ক ও বিভিন্ন সড়কে যানজটের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে। অনেকে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছে। এটা জেলাবাসীর জন্য কাম্য নয়। একই সাথে ফুটপাতের দোকানপাট উচ্ছেদে গরীব দুঃখী মানুষের কথাও ভাবতে হবে। তাদেরকে কিভাবে পুনর্বাসন ও সহযোগিতা দেওয়া যায় সে লক্ষ্যে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশা করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ, সহকারি পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
