কালিগঞ্জে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে সংবাদ সম্মেলন
শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পুত্র রাজিব হায়দারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও পরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনসহ কতিপয় স্বার্থান্বেষী নেতার অব্যাহত ষড়যন্ত্রের কারণে দলীয় নেতা-কর্মী, নৌকার সমর্থকসহ আপামর জনসাধারণ বিভ্রান্ত হয়। নির্বাচনের ৪৮ ঘণ্টা পূর্বে তারা শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে সুবিধা নিয়ে বিশেষ সুযোগ করে দিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। যে কারণে হাজার হাজার নেতাকর্মী বিভ্রান্ত হয়। ওই দিন সন্ধ্যার পর ওই নেতাদের বক্তব্য বানোয়াট প্রমাণিত ও পাশাপাশি সকল বিভ্রান্তি দূর হয়। নৌকা মার্কা ও প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি পত্রিকায় বিভিন্ন সময়ে মনগড়া ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে গুজব ও উস্কানি ছড়ায়।
সর্বশেষ গত ১৯ জানুয়ারি সাতক্ষীরা থেকে প্রকাশিত দু’টি পত্রিকায় সাতক্ষীরা-৪ আসনে টানা দ্বিতীয়বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের মেঝ পুত্র ইঞ্জিনিয়ার সায়েদ বিন হায়দার রাজীবকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
সম্মেলনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, কুশলিয়া ইউনিয়ন সভাপতি কাজী কাহফিল অরা সজল, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহজালাল, তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তরুণলীগের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম, কাজী মাহফুজুর রহমান প্রিন্স, আজমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply