ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: ঝালকাঠিকে বিশাল ব্যবধানে হারলো বরিশাল
রাইয়ান সাকিল: সাতক্ষীরায় সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে ঝালকাঠিকে ১০৮ রানে হারিয়েছে বরিশাল জেলা দল। সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বরিশালের ওপেনিং জুটি শিফাত ও তানভীর। দলীয় ১৬ রানে মেহেদির বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ওপেনার তানভীর। এরপর ক্রিজে নামেন অতয়। শূন্য রানে ফিরে যান এই ব্যাটসম্যান। মেহেদি ও সাজ্জাদুলের যুগল বন্দিতে ৫৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। চাপ সামলে অন্য প্রান্তে চারের ফুলঝুড়িতে হাফসেঞ্চুরি তুলে নেন শফিক ইসলাম। শেষদিকে তার ব্যাটেই ভর করে ৪৯.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বরিশাল জেলা দল। বরিশালের হয়ে সার্বোচ্চ ৫৬ রান করেন শফিক ইসলাম। ১১০ মিনিট উইকেটে থেকে ৪ চারে ৫৬ রানে দুর্দান্ত ইনিংস উপহার দেন এই ব্যাটসম্যান। ঝালকাঠির পক্ষে ২৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন মেহেদি। এছাড়া মইনুল, রিফাত ও সাজ্জাদুল ২টি এবং সাজিদ ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে সীমান্ত ও মারুফের বোলিং তোপের মুখে পড়ে ঝালকাঠির ব্যাটসম্যানরা। দুই প্রান্ত থেকেই উইকেট শিকার করতে থাকে বরিশালের এই দুই বোলার। বোলারদের বিপরীতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আমিনুল। কিন্তু শেষ পর্যন্ত সীমান্তের বলে আউট হয়ে বিদায় নেন এই ব্যাটসম্যান। এরপর আর কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। ফলে ৬৭ রানে গুটিয়ে যায় ঝালকাঠি জেলা। ১০৮ রানের দুর্দান্ত জয় পায় বরিশাল জেলা।
ঝালকাঠির হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন আমিনুল ইসলাম। বরিশালের হয়ে ৭ ওভার বল করে ৩ মেডেনসহ ৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন সীমান্ত। এছাড়া মারুফ ৩টি, সাদি ২টি, তাওমীদ ও সাদমান ১টি করে উইকেট শিকার করেন। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন রশিদ এবং রফিকুর। স্কোরার ছিলেন শফিকুল।

Leave a Reply