এমপির ছেলেকে নিয়ে সংবাদ প্রকাশ: শ্যামনগরে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছেলে রাজিব হায়দারের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কতিপয় স্বার্থান্বেষী নেতার অব্যাহত ষড়যন্ত্রের কারণে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভ্রান্ত হয়। নির্বাচনের ৪৮ ঘণ্টা পূর্বে জেলা আওয়ামী লীগের দুইজন এবং উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ করে দিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। যার কারণে নির্বাচনের পূর্ব দিন সন্ধ্যা পর্যন্ত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভ্রান্ত হন। ঐ দিন সন্ধ্যার পর নেতাদের বক্তব্য বানোয়াট প্রমাণিত হয়। যার ফলে নেতা কর্মীদের বিভ্রান্তি দূর হয়। নৌকা মার্কা ও প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি দৈনিকে মনগড়া প্রতিবেদন প্রকাশ করে। সংবাদের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত পক্ষে সকল সহযোগী সংগঠন সমূহ নিজস্ব কার্যালয় ব্যবহার করে। কিন্তু নির্বাচনের পরে ওই কার্যালয়ে বসে সম্মিলিতভাবে সংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠন কার্যালয়ে যাতায়াত ও অবস্থান নিতে থাকেন। যার ফলে ইতিপূর্বে ওই কার্যালয় ব্যবহার করে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রকাশ্য বিরোধিতাকারী চক্র তাদের কর্মকান্ড আড়াল করতে ও বিভিন্ন খাতে প্রবাহিত করতে সংসদ সদস্যের ছেলেকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি এসময় সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply