রতনপুরে ডাম্পার ও মটর সাইকেলের সংঘর্ষে আহত ৩
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে ডাম্পার ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহীর পাঁ বিচ্ছিন্নসহ তিনজন গুরুতর আহত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিউর রহমান (২২), একই গ্রামের লুৎফর মিস্ত্রীর ছেলে রাসেল হোসেন (১৭) এবং যশোর জেলার কতোয়ালী থানার লুৎফর রহমানের ছেলে বিজু হোসেন (২২) একই মটর সাইকেল যোগে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার নুরনগর থেকে রতনপুর আসার পথে কাটুনিয়া কলেজ গেটের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটর সাইকেলে থাকা বিজু হোসেন’র (২২) ডান পাঁ ওই ডাম্পারের নিচে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মটর সাইকেলে থাকা অন্য দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। এসময় স্থানীয় জনতা ওই ডাম্পারসহ ডাম্পারের ড্রাইভারকে আটক করে থানায় সোপর্দ করে।

Leave a Reply