আশাশুনিতে ধর্ষণের পর ২য় শ্রেণির ছাত্রীকে হত্যা, ধর্ষক আটক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে ধর্ষণের পর পুকুরের পানিতে ফেলে সুষ্মিতা নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক জয় প্রকাশ সরকারকে আটক করেছে।
রোববার (৬ ডিসেম্বর) রাতে আশাশুনি উপজেলার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুষ্মিতা ওই গ্রামের প্রশান্ত দাসের মেয়ে ও গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আটক জয় প্রকাশ সরকার গাবতলা গ্রামের নির্মল সরকারের ছেলে ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।
সুষ্মিতার বাবা প্রশান্ত দাস জানান, তার মেয়ে প্রতিবেশী নির্মল সরকারের কলেজ পড়ুয়া মেয়ে অম্বিকা সরকারের কাছে প্রতিদিন বিকেলে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ানোর জন্য অম্বিকাকে মাসিক দেড়’শ টাকা করে দিতে হয়। রোববার বিকেলে অম্বিকা বাড়িতে না থাকায় তার ভাই জয় প্রকাশ সরকার সুষ্মিতাকে প্রাইভেট পড়িয়ে বাড়িতে ব্যাগ রেখে আবারো তাকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যায় তাকে গাবতলার সত্য রঞ্জন দাসের দোকান থেকে খাবার কিনে দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সুষ্মিতাকে ধর্ষণ করে জয় প্রকাশ। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে সুষ্মিতা মারা গেছে ভেবে তার দেহ বাড়ির পুকুরে ফেলে দেয় সে। পরে গ্রামবাসী সুষ্মিতাকে খুঁজতে থাকার একপর্যায়ে পুকুরে জাল ফেলার কথা বললে জয়প্রকাশ তার মরদেহ তুলে টয়লেটে লুকিয়ে রাখে। পরে পুলিশ খবর পেয়ে রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে। এ সময় জয় প্রকাশ সরকারকে আটক করে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সুষ্মিতার লাশের ময়না তদন্তের জন্য সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জয় প্রকাশ সরকার ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করায় তাকে আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করানো হবে।

Leave a Reply