কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বাড়ির সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ জানুয়ারি) সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন জানান, উপজেলার সোনাবাড়িয়া গ্রামের সেনা সদস্য শফিকুর রহমান শফিকের বাড়িতে গত শনিবার বেলা ১১টার দিকে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা তার পিতামাতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এঘটনায় ওই দিন কলারোয়া থানায় উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৃত ছায়েল গাজীর ছেলে নুর ইসলাম (৪০) ও নূর হোসেন (৩৫)কে আসামি করে অভিযোগ দেওয়া হয়। পরে থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাড়ি থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের সেনা সদস্য শফিকুর রহমান শফিকের পিতা আবুল হোসেন (৬০) ও মাতা নুরপান বিবিকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই গ্রামের মৃত ছায়েল গাজীর ছেলে নুর ইসলাম ও নূর হোসেন। পরে কলারোয়া থানায় দুজনকে আসামি করে একটি মামলা করা হয়।
