ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী চিকিৎসক সংসদ সদস্যবৃন্দ।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচিত চিকিৎসক সংসদ সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’ স্লোগানে ধানমন্ডি ৩২ নম্বর সড়কটি মুখরিত করে তোলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, অধ্যাপক হাবিবে মিল্লাত, অধ্যাপক ডা. আব্দুল আজিজ, অধ্যাপক ডা. মুনসুর রহমান, অধ্যাপক ডা. শামিল উদ্দীন আহমেদ শিমুল।
এছাড়া ঢাকা পঙ্গু হাসপাতালের ডা. জাহাঙ্গীর আলম, হৃদরোগ হাসপাতালের ডা. কাজল কর্মকারসহ স্বাচিপ ও বিএমএর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডা. আ ফ ম রুহুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় গঠনতন্ত্রের বিজয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমরা চিকিৎসক সমাজ বিশ্বাস করি আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। আশা করি, চিকিৎসাক্ষেত্রে আগামী দিনে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
