সাতক্ষীরা নবারুণ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ডেস্ক রিপোর্ট: বুধবার সকাল ১০টায় শহরের মুনজিতপুরস্থ নবারুণ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।
বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, শিক্ষক তৌয়েবুর রহমান তুহিন, নাজমুন লায়লা বিথিসহ ২০১৯ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
সমাবেশে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বলেন, সাতক্ষীরা জেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠার ৫০ বছরে এ সাফল্য পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে আনন্দে উদ্ভাসিত করেছে।
তিনি আরও বলেন, ২০১৬ ও ২০১৭ সালের জে.এস.সি এবং ২০১৭ ও ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে কৃতিত্ব অর্জন করেছে আমাদের স্কুল। এবছর ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এতে বিদ্যালয়টি থেকে মোট ১৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১১ জন, এ গ্রেড পেয়েছে ৩৯ জন, এ মাইনাস পেয়েছে ২৬ জন, বি গ্রেড পেয়েছে ৩১ জন, সি গ্রেড পেয়েছে ৩৩ জন। শতকরা ৯৮ শতাংশ কৃতকার্য হয়েছে।
অভিভাবক সমাবেশের পূর্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের ভয়াবহতার বিষয়ে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তাজুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply