সাতক্ষীরায় ভোট গ্রহণ শুরু, ভোটার নম্বর খুঁজে পেতে ভোগান্তি, কলেজ কেন্দ্রে বিএনপি নেতাকে মারধর
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চারটি আসনের ৫শ’ ৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-২ আসনের ১৩৭টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে প্রচ- শীত উপেক্ষা করে নারী-পুরুষরা দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দেওয়া শুরু করেন।
সকলে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের বেশ ভীড় লক্ষ করা যাচ্ছে।
তবে, ভোটারদের অভিযোগ, ভোটার সিরিয়াল নম্বর না থাকলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আবার, কেন্দ্রের সামনে বিভিন্ন দলের পক্ষ থেকে ভোটার নম্বর সরবরাহ করা হলেও তারা সকলের নম্বর খুঁজে পেতে ব্যর্থ হচ্ছেন।
সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা মেঘনাথ বাংলানিউজকে জানান, স্মার্ট কার্ড থাকলেও ভোট দিতে অসুবিধা হচ্ছে। এ কেন্দ্রে ৮টি বুথ আছে। ভোটার সিরিয়াল নম্বর না জানলে কোন বুথে যাব সেটা বোঝা যাচ্ছে না। এতে অনেক ভোটার ফিরে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ভোটার নম্বরের সাথে স্মার্ট কার্ডের নম্বরের কোন মিল নেই। বা যারা খুঁজছে তারাও সহজে খোঁজার উপায় জানেন না।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে জেলায় ৫৯৭টি কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের সামনে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মতিনুর রহমান কচিকে মারধর করে কেন্দ্রের সামনে থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Leave a Reply