সাতক্ষীরা-১: বিএনপি-জামায়াত হটাতে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে সরে দাড়ালেন দিদার বখত
এসএম নাহিদ হাসান: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখত।
শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।
সংবাদ সম্মেলনে দিদার বখত বলেন, আমি নীতি ও আদর্শ নিয়ে চলি। কখনো আদর্শের কাছে মাথানত করিনি। তবে কখনো কখনো রাজনৈতিক কৌশলের কারণে বড় বড় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ আমাকে নৌকায় সমর্থন দেওয়ার কথা বলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি অতীতেও যেমন বড় বড় ত্যাগ স্বীকার করেছি এখনো করতে প্রস্তুত রয়েছি। আমার দলের নেতা ক্ষমতায় থাকাকালীন এ আসনের মানুষের কথা ভেবে অনেক কাজ করেছেন। আমি চাই উন্নয়নের এ ধারা অব্যাহত থাকুক। একই সাথে আমার সব পর্যায়ের নেতা-কর্মীদের কাছে আহবান থাকবে সকল ভেদাভেদ ভুলে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে মহাজোটের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন।
এ সময় তিনি আরও বলেন, সাতক্ষীরার জাতীয় পর্টির নেতাকর্মীদের চাওয়া পাওয়া খুব কম। কোন সাংসদ বলতে পারবে না আমার কোন নেতাকর্মী কোন সাংসদের কাছে অনৈতিক কোন আবদার করেছে। আমার একটাই চাওয়া, সাতক্ষীরার এই চারটি আসনে মহাজোটের যারাই সংসদ সদস্য নির্বাচিত হোক না কেন- জাতীয় পার্টির কোন নেতা-কর্মী যেন সমস্যার সম্মুখীন না হয়, সকলে মিলেমিশে কাজ করবেন, তাদেরকে সাথে নিয়েই চলবেন। মহাজোটে আমাদের ঐক্য অটুট থাকলে বিরোধী শক্তি মাথাচাড়া দিতে পারবে না। এখানে নৌকার বিজয় নিশ্চিত হবে।
প্রসঙ্গত, এর আগে বিকালে তালার তেতুলিয়া গ্রামে সৈয়দ দিদার বখতের বাড়িতে যান মহাজোটের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ। সেখানেই আলাপ-আলোচনার ভিত্তিতে নৌকা প্রতীকের মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন সৈয়দ দিদার বখত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভিন সেজুঁতি, তালা উপজেলা জাপার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলামসহ মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply