ইভিএমে প্রতীকি ভোট গ্রহণ, শিখলেন ভোটাররা
ডেস্ক রিপোর্ট: হাতে কলমে এক নতুন শিক্ষা নিলেন সাতক্ষীরার বাসিন্দারা। ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয় তা তারা জেনে ও বুঝে নিলেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা-২ আসনের ১৩৭টি কেন্দ্রের সবক’টিতে ভোটারদের হাতে কলমে ভোটদান প্রশিক্ষণ দেন ভোট কেন্দ্রে নিযুক্ত কর্মকর্তারা। ভোটারদের পরিচয়পত্র নিশ্চিত করার পর তারা তাদের পছন্দের প্রতীকের কোন বোতামে চাপ দেবেন তা বুঝিয়ে দেওয়া হয়। একই সাথে তার ভোটটি সঠিকভাবে তার সমর্থিত প্রার্থী পেলেন কিনা তাও তিনি নিশ্চিত করতে পারবেন নিচের সবুজ রংয়ের বোতামে চাপ দিয়ে।
ভোটাররা জানলেন, এই পদ্ধতিতে তার ভোট সুরক্ষা পাবে। আর এই নতুন পদ্ধতির ভোট দেওয়ার জন্য সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনের ৩ লাখ ৫৬ হাজার ২৪৬ জন ভোটার অপেক্ষা করে আছেন। গতকাল তারা প্রতীকি ভোট দিয়েছেন। ৩০ ডিসেম্বর তারা আগের ব্যালট পদ্ধতির ভোট পেছনে ফেলে ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করবেন বলে জানালেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ লাভ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া আজ প্রতীকি ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ভোটাররা ভোটদান শিখে গেলেন।
সাতক্ষীরার ৪টি আসনের অন্য তিনটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালট ও সীল পদ্ধতির ভোট গ্রহণ। এরই মধ্যে সব ধরনের আয়োজনও সম্পন্ন হয়েছে বলে জানান কর্মকর্তারা।

Leave a Reply