সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের কর্মীদের আটক ও হয়রানির অভিযোগ
আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. শহিদুল আলমের নির্বাচনী প্রচার কর্মীদের প্রতিনিয়ত আটক, পুলিশি তল্লাশীর নামে হয়রানি ও ভাংচুর, পোস্টার ও ব্যানার ছেড়ার অভিযোগ উঠেছে।
ধানের শীষের প্রার্থী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনী প্রচারে চরম প্রতিকূল পরিবেশ এবং পুলিশের নিপীড়নমূলক কর্মকান্ডে আমাদের চরম বৈরি সময় পার করতে হচ্ছে। কোন ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও দেবহাটা উপজেলার বেজরআটি গ্রামের কওছার আলী মোড়লের ছেলে কবির হোসেন (৩৮) ও আশাশুনি উপজেলার সদর আশাশুনি গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের ছেলে রুহুল আমিন (৫২) কে গ্রেপ্তার করেছে। নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেয়া নেতৃবৃন্দের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে, তল্লাশী চালাচ্ছে। প্রতিনিয়ত হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। চম্পাফুল ইউনিয়নের বারদহা বাজারে আমার নেতা কর্মীরা পোস্টার সাঁটার সময় আরশাদ আলী সরদারের ছেলে আব্দুল লতিফ সরদার কালিগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে পোস্টার ছিড়ে ফেলে। কালিগঞ্জ থানার এএসআই মুরাদ হোসেন নিজেও জনসম্মুখে পোস্টার ছেড়েন। এসময় এএসআই মুরাদের নেতৃত্বে পুলিশ ধানের শীষের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভাংচুর চালায় এবং গ্রেপ্তারের হুমকি দেয়। আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে তিন রাস্তার মোড়ে দুপুর বেলা কর্মীরা পোস্টার লাগাতে থাকলে আশাশুনি থানার এসআই মঞ্জুরুল সঙ্গীয় ফোর্স বাজারে ধানের শীষের সমস্ত পোস্টার ছিড়ে ফেলে এবং কর্মীদের অকথ্য ভাষায় গালি দিয়ে গ্রেপ্তারের হুমকি দিতে থাকে। আশাশুনি থানার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা বাজারে নেতাকর্মীরা পোস্টার লাগাতে থাকলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমীর জোয়ার্দ্দার ও তার ছেলে পলাশ, ছইলুদ্দীনের ছেলে জাহাঙ্গীর হোসেন, রামপদ সেনের ছেলে দিবাকর মেম্বর, আবুল কাশেমের ছেলে ইব্রাহিম হোসেন, মদন কুমারের ছেলে বাপীসহ আরও আনেকে নেতা কর্মীদের বাধা দেয় এবং প্রকাশ্যে অস্ত্র, লোহার রড নিয়ে জীবননাশের হুমকি ও পুলিশে ধরিয়ে দিবে বলে ভয়ভীতি দেখায়। আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মিয়ারাজ আলী মিরাজের নেতৃত্বে স্থানীয় ইউপি সদস্য মনিরুল, দরগাহপুরের ওয়াজেদ আলীর ছেলে শফিকুল ইসলাম দরগাহপুর বাজারে সমস্ত পোস্টার ছিড়ে ফেলেন এবং কেন্দ্রে ধানের শীষের এজেন্ট না হওয়ার জন্য হুমকি প্রদান করেন। চরম বৈরি পরিবেশের কারণে নির্বাচনী প্রচারাভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

Leave a Reply