কলারোয়ায় নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার যুগেখালি ইউনিয়নের ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মধ্যরাতে ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় ৬-৭টি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, রাতে জামায়াত-বিএনপির লোকজন মিছিল নিয়ে এসে ওই নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের উপস্থিতিতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আটজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নৌকা প্রতীকের ওই কার্যালয়টি বৃহস্পতিবার বিকালেই উদ্বোধন করা হয়।

Leave a Reply