ঋণের টাকা দিতে না পেরে আত্মহত্যা
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুরে গ্রাম্য চিকিৎসক ডা. এনামুল হক (৫২) ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দিকে হাবাসপুর গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, তার বেড রুমের সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার সময় তার স্ত্রী হামেদা খাতুন রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না ঘর থেকে ফিরে এসে তার স্বামীকে ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে নামানোর আগেই তার মৃত্যু হয়।
সূত্র জানায়, হাবাসপুর গ্রামের মৃত নিছার উদ্দীনের ছেলে গ্রাম্য ডা. এনামুল হক পারিবারিক অর্থনৈতিক দুরবস্থার কারণে কয়েক বছর ধরে সুদে কারবারি ও বিভিন্ন এনজিও থেকে লোন নেন। সুদে কারবারীদের চড়া সুদের টাকা এবং এনজিওর কিস্তি সময় মত দিতে ব্যর্থ হলে এনামুল হককে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি ধামকি দিতে থাকে। সুদের টাকার জোগাড় করতে না পেরে মান সম্মানের ভয়ে ২ মাস পূর্বে তিনি ঢাকায় চলে যান।
পরিবার সূত্রে জানা গেছে, অত্যাচার ও অপমান না করার প্রতিশ্রুতিতে স্থানীয়দের সহায়তায় পাওনাদারদের টাকা পর্যায়ক্রমে দেয়ার ওয়াদা নিয়ে কিছু দিন আগে তিনি বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে আসার পরে কয়েকটি এনজিওর টাকা পরিশোধ এবং সুদ মহাজনদের সুদের টাকা কম বেশি দিতে থাকেন। তারপরেও সুদখোরদের চাপ সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন এনামুল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য শুক্রবার বিকালে এনামুল হকের মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply