স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে আছে, নির্বাচনী মাঠ ছাড়লে চলবে না: রুহুল হক
সমীর রায়, আশাশুনি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, প্রতিপক্ষকে দুর্বল ভেবে নির্বাচনী মাঠ ছাড়লে চলবে না। প্রতিপক্ষের ভেতরে স্বাধীনতা বিরোধী ও আগুন সন্ত্রাসী জামায়াত ঘাপটি মেরে আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের সড়কে উঠে বিশ্বে রোল মডেলে পরিণত হচ্ছে ঠিক সেময় এই জামায়াতের তা-বে গোটা দেশ ধংসস্তুপে পরিণত হয়েছিল।
শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আবারো ঘুরে দাঁড়িয়েছি। স্বদেশ ভূমি থেকে বিতাড়িত দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা মানবতার নেত্রী উপাধি পেয়েছেন। আমরা দেশের উন্নয়ন চাই, দেশের সকল মানুষের অর্থনৈতিক মুক্তি চাই। আমার নেত্রী বিশ্বে সৎ নেত্রীর তালিকায় তৃতীয় স্থানে থেকে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পাশাপাশি প্রতিপক্ষের নেত্রী এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজা পেয়ে কারাভোগ করছেন। আপনারাই সিদ্ধান্ত নেন শেখ হাসিনার উন্নয়নের পক্ষে থাকবেন না আগুন সন্ত্রাস ও দুর্নীতির দায়ে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে থাকবেন।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে আশাশুনি ভায়া কোলা-ঘোলা পর্যন্ত ৪৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তায় কার্পেটিংয়ের জন্য সড়ক ও জনপদের অধীনে ১১০ কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে। অচিরেই এ কাজ শুরু হবে।
আশাশুনির দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া আশাশুনি কলেজ ও হাইস্কুল সররকারিকরণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব বহুতল ভবন নির্মাণ, আশাশুনি বাইপাস সড়ক নির্মাণ, আশাশুনিতে ৩১ টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে যার ৯ টি নির্মাণাধীন, শোভনালী, বড়দল ও তেতুলিয়া ব্রীজ নির্মাণ শেষ হয়েছে।
বহু প্রতীক্ষিত মানিকখালী সেতু নির্মাণ শেষের পথে। আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ শেষের দিকে, উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ, মহিলা কলেজের বহুতল ভবন নির্মাণ, আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ প্রক্রিয়াধীন আছে।
এছাড়া গাজীরহাট থেকে বুধহাটা ভায়া বদরতলা ২০ কিলোমিটার, হলদিয়াপোতা (কাদাকাটি) থেকে প্রতাপনগর পর্যন্ত ৩৩ কিলোমিটার কার্পেটিংসহ আশাশুনিতে প্রায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভীন সেঁজুতি, আওয়ামী লীগ নেতা প্রাক্তন চেয়ারম্যান এম শাহজাহান আলী, মোল্যা রফিকুল ইসলাম, নীলকন্ঠ সোমসহ সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply