শ্যামনগরে দু’এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে বিকল্পধারা ও আ’লীগ সমর্থিত দুই এমপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেটখালি ও পাতরাখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
কুলা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ রশিদ জানান, উপজেলার ভেটখালিতে কুলা প্রতীকের পথসভা চলাকালে স্থানীয় আ.লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এসময় তাদের অন্তত দু’সমর্থক আহত হন।
এছাড়া পাতরাখোলায় আবারও পথসভা চলাকালে বিকল্পধারার প্রার্থী গোলাম রেজার উপর স্থানীয় আ’লীগের কর্মীরা হামলা চালালে সমর্থকরা তাকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হন। এসময় প্রতিপক্ষের আরও দুজন সমর্থক আহত হন।
বিকল্পধারার প্রার্থী গোলাম রেজা বলেন, পথসভা চলাকালীন কর্মীদের উপর দেশি অস্ত্রশস্ত্রে হামলা করে ক্ষমতাসীন দলীয় এমপির কর্মী-সমর্থকরা। এতে আমার দলের ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে কাল সকালেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে নেওয়া হবে।
পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় আহতরা হলেন শ্যামনগর উপজেলার বাদশাহ, জামাল, রেজা, বকুল, শাহাদাত হোসেন, হাসান মিয়া প্রমুখ।
অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী জগলুল হায়দার বলেন, বিকল্পধারার কর্মীরা আমার কর্মী-সমর্থকদের উপরে হামলা করে। এসময় তারা প্রতিরোধ করতে গিয়ে তিন জন আহত হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকল্পধারা ও আ’লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমাদের কাছে কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

Leave a Reply