নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হবে: ডা. রুহুল হক
সমীর রায়, আশাশুনি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় হলে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি, মাদকমুক্ত ও শান্তি সম্প্রীতিতে বিশ্বে অনুকরণীয় দেশ।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে আশাশুনির দরগাহপুর ইউনিয়নে নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আশাশুনির দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া আশাশুনি কলেজ ও হাইস্কুল সররকারিকরণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বহুতল ভবন নির্মাণ, আশাশুনি বাইপাস সড়ক নির্মাণ, আশাশুনিতে ৩১টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে যার ৯টি নির্মানাধীন। শোভনালী, বড়দল ও তেতুলিয়া ব্রিজ নির্মাণ শেষ হয়েছে।
এছাড়াও বহুল প্রতিক্ষিত মানিকখালী সেতু নির্মাণ শেষের পথে। আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ শেষের দিকে, উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ, মহিলা কলেজের বহুতল ভবন নির্মাণ, আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে।
এছাড়া এমপি রুহুল হক বলেন, গাজীরহাট থেকে বুধহাটা ভায়া বদরতলা ২০ কিমি, হলদিয়াপোতা (কাদাকাটি) থেকে প্রতাপনগর পর্যন্ত ৩৩ কিমি কার্পেটিংসহ আশাশুনিতে প্রায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
ডা. রুহুল হক বলেন, আশাশুনিবাসীর জন্য উন্নয়ন করেছি তাই আবারও নৌকায় ভোট দাবি করছি। আপনার একটা ভোট উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। কাজ করেই আপনাদের দুয়ারে এসেছি আপনারাই সিদ্ধান্ত নিন শেখ হাসিনার উন্নয়নের পক্ষে থাকবেন, না আগুন সন্ত্রাস ও দুর্নীতির দায়ে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে থাকবেন।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, এনামুল হক ছোট, শাহ নেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার দিপ, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আওয়ামী লীগ নেতা জিএম আক্তারুজ্জামান, যুবমহিলা লীগের সভানেত্রী সীমা সিদ্দিকী, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম প্রমুখ।
ডা. রুহুল হক দরগাহপুরের খরিয়াটি বাজার, কালাবাগি বাজার, রামনগর, দরগাহপুর বাজার, কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজার, যদুয়ারডাঙ্গা, পূর্বকাদাকাটি বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply