কলারোয়ায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির আটজন ও একজন সাংবাদিকসহ দুই পথচারী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজু, কলারোয়া পৌর কৃষকদলের সভাপতি বিএম সিরাজ, বিএনপি কর্মী রুহুল আমিন রুুবেল ও উপজেলা যুবদল সহ-সভাপতি মোজাম হোসেন।
এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক তাজ উদ্দীরন রিপনকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
হাবিব দাবি করেছেন, শুক্রবার দুপুরে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে কলারোয়া পৌর সদরে কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পেছন থেকে লাঠিসোটা, লোহার রড নিয়ে তাদের ওপর হামলা করে হেলমেটধারী কয়েকজন সন্ত্রাসী।
এ সময় প্রবীণ নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া অন্যান্যদের পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। আহতদের কলারোয়া ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply