বিএনপি-জামায়াতকে প্রতিহত করে নৌকা প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে জয়যুক্ত করার আহবান মুক্তিযোদ্ধাদের
ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াতকে প্রতিহত করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তারা এই আহবান জানান।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছিল। বাঙালি জাতি পেয়েছে লাল সবুজের পতাকা। পেয়েছে সংবিধান ও বেঁচে থাকার অধিকার। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধ হবে স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে স্বাধীনতার স্বপক্ষের শক্তির। বিজয়ের মাসে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের ঐ নরঘাতকদের পরাজিত করতে হবে এবং সাতক্ষীরা-২ আসনের নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজয়ী করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, আলতাপ হোসেন, অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, জি.এম আব্দুল গফুর, আব্দুল মোমিন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মো. আব্দুর রশিদ।

Leave a Reply