আশাশুনিতে সুপেয় ও নিরাপদ পানি সংরক্ষণে বারসিক’র গণতান্ত্রিক সংলাপ
আশাশুনিতে সুপেয় ও নিরাপদ পানি সংরক্ষণে বারসিক’র গণতান্ত্রিক সংলাপ
সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে সুপেয় ও নিরাপদ পানি সংরক্ষণে গণতান্ত্রিক সংলাপে পানির অপচয় রোধ, নিরাপদ পানির অধিকার নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির উৎস সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় আশাশুনি উপজেলা পরিষদের হলরুমে বারসিক এনগেজ প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বক্তারা বলেন, সুপেয় ও নিরাপদ পানি মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, পানির উৎস দূষণ, জলাশয় ভরাট এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ফলে নিরাপদ পানির সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।
বক্তারা আরও বলেন, পানি শুধু বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর সম্পদ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সংরক্ষণ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তাই পানির অপচয় রোধ, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও প্রাকৃতিক জলাশয় রক্ষা, পানির উৎস দূষণমুক্ত রাখা এবং নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সংলাপে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার মুকুল, বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার রোকসানা পারভীন, এবং সিএসও সভার সভাপতি সালেহা পারভীনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Leave a Reply