দীপাবলির প্রীতি উপহারে সম্প্রীতির বন্ধনে হরিজন পল্লীতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ
দীপাবলির প্রীতি উপহারে সম্প্রীতির বন্ধনে হরিজন পল্লীতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ
নিজস্ব প্রতিনিধি: দীপাবলি কেবল আলোর উৎসব নয়, এটি মানবতা, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা। সেই মানবিক চেতনা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে দীপাবলি উপলক্ষে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা হরিজন পল্লীর মানুষের মাঝে দীপাবলির প্রীতি উপহার প্রদান করা হয়। এ সময় পল্লীর বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সার্বিক মতবিনিময় ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ঐক্য পরিষদের জেলার সদস্য সচিব অরবিন্দু কর্মকার, সাতক্ষীরা পৌরসভার আহ্বায়ক বাধন ঘোষ, সদস্য,শুভময় মজুমদার সদস্য উওম বিশ্বাস, দেবহটা উপজেলা সদস্য অনিক দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ বলেন, “আমাদের পরিচয় সবার আগে মানুষ। ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ভিন্নতা কখনো আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে না। আমরা সবাই একই সমাজের, একই দেশের মানুষ। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি নিয়ে হাতে হাত রেখে একসঙ্গে বসবাস করাই আমাদের অঙ্গীকার। সমাজের প্রতিটি মানুষের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে মানবিক ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও সমান অংশগ্রহণ নিশ্চিত হলেই একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে উঠবে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ভবিষ্যতেও মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা হরিজনপল্লীর সভাপতি, যুব ঐক্য পরিষদ জেলা কমিটির সদস্য রতন লাল
মানবতার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, সম্প্রীতির বন্ধনে এক হোক প্রতিটি হৃদয়—এই প্রত্যয়েই শেষ হয় দীপাবলির এই প্রীতি ও মতবিনিময় অনুষ্ঠান।

Leave a Reply