ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সদর উপজেলার দশটি মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের সক্ষমতা বৃদ্ধির জন্য একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সোমবার (১৪ মার্চ) সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক মো. আব্দুর রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথির উপস্থিতিতে দুইটি মাতৃকেন্দ্রের নয়জন সদস্যের মাঝে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এছাড়া দুইজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৬০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
