নিজস্ব প্রতিনিধি: দেবহাটার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুলিয়ার সাবেক ইউপি সদস্যের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। এতে নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমার্থক ও সাবেক ইউপি সদস্যের বেশ কিছু কথা সমাআলোচিত হয়েছে। কথার এক পর্যায়ে ঐ ইউপি সদস্য প্রয়োজন হলে ফায়ার (গুলি) করে দুদশজনকে ফেলে দেবেন বলে উল্লেখ করেন। আর এঘটনায় নিজের ও কর্মী সমার্থকদের জীবনের নিরাপত্তায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার প্রার্থী আসাদুল ইসলাম। বুধবার দুপুরে দেবহাটা থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত অভিযোগে জানা যায়, কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন মঙ্গলবার বেলা ১২টার দিকে কুলিয়ার মৃত ময়নউদ্দিনের ছেলে ইমদাদুলের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথার এক পর্যয়ে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে জীবননাশের হুমকি প্রদান করেন। এমনকি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করবেন বলেও জানান। লিখিত অভিযোগে আরো জানা যায়, ২০১৩ সালে কুলিয়ার বিসমিল্লাহ ব্রিকসে মাটির ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে গোলযোগে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি ছোড়েন। যা স্থানীয়দের মনে ত্রাস সৃষ্টি করে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।
এবিষয়ে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, আমার সাথে ইমদাদুলের কথা হয়েছিল কিন্তু আমি গুলি করার কথা বলিনি। তাছাড়া আমি টানা দুইবারের মেম্বর ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হয়ে নৌকার বিরুদ্ধে যাব কেনো? কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আসাদুল ইসলাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে পূর্বশত্রæতার জের ধরে আমাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি নিজের ও জনগনের নিরাপত্তা চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনকে ঘিরে কেউ পরিবেশ অশান্ত করতে না পারে সে ব্যাপারে পুলিশ সজাগ আছে। আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন করতে কঠোর অবস্থানে আছি।
