আশাশুনি প্রতিনিধি: আশাশুনির মির্জাপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মাছ ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নে মির্জাপুর গ্রামে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, মির্জাপুর গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের পুত্র আক্তার হোসেন আলীর বসত বাড়ির জমি জায়গা নিয়ে একই গ্রামের হচেন আলী সরদারের পুত্র আইয়ুব আলী সরদারের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ঘটনার দিন আইয়ুব আলীর নেতৃত্বে প্রতিপক্ষকে মারপিট করে। পরে মারপিটকারীরা মামলা না করার জন্য আহতদের পরিবারের সদস্যদের হুমকি দেয়।
পরিবারের অন্যান্য লোকজন আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় আক্তার হোসেন বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬জন ব্যক্তিকে আসামি করে আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করে। থানায় তাদের বিরুদ্ধে এজাহার দাখিল করায় এতে প্রতিপক্ষ আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায় চিকিৎসার কাজে পরিবারের লোকজন আশাশুনি থাকার সুযোগে একই দিনে (১৪ জুন) সোমবার দুপুরে মির্জাপুর গ্রামের হচেন আলীর পুত্র আইয়ুব আলী, এরফান ও একই গ্রামের মৃত জোনাব আলী সরদারের পুত্র মুজিবর সরদার বাদী আক্তার হোসেনের আনুলিয়ার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্বপাশে ৪বিঘা জমির একটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে গলদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করে।
ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে পৃথক দুটি ঘটনায় আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এজাহার ২টি মধ্যে মারপিটের ঘটনায় ১৪(২১) নং একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এ মামলায় ১নং এজাহার নামায় আসামি হচেন আলীর পুত্র আইয়ুব আলী সরদার (৪৮), মৃত জোনাব আলী সরদারের পুত্র মুজিবর সরদার (৪৪) কে আটক করা হয়েছে।
